কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলায় কৃষি উৎপাদন সচল রাখতে ও সেচ কাজে কৃষকদের বিশেষ সুবিধা দিতে পাঁচটি নির্দিষ্ট পয়েন্টে প্রতি লিটার ডিজেল একশ’ টাকা দরে বিক্রি শুরু হয়েছে। প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে ডিলারদের মাধ্যমে এসব পয়েন্টে নিয়মিত জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।
শুক্রবার বিকেলে কালিয়া বাসস্ট্যান্ড এলাকায় ‘মেসার্স তৌফিয়া স্টোরে’ এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত থেকে কৃষকদের হাতে জনপ্রতি ৫ লিটার করে ডিজেল তুলে দেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম এবং কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী।
উপজেলা প্রশাসন জানায়, কালিয়া উপজেলার চাচুড়ি পয়েন্ট ও পৌরসভা বাসস্ট্যান্ড এলাকা এবং নড়াগাতী এলাকার বড়দিয়া ও যোগানিয়া বাজারে এই বিশেষ তেল বিক্রয় কার্যক্রম চলছে। এছাড়া সাধারণ যানবাহনের জন্য ‘মেসার্স কালিয়া ফিলিং স্টেশন’-এ স্বাভাবিক দরে তেল বিক্রয় অব্যাহত রয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মো. জিন্নাতুল ইসলাম বলেন, ‘কৃষিকাজে সেচ সুবিধার কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। কৃষকরা যাতে নির্ধারিত মূল্যে সহজেই ডিজেল সংগ্রহ করতে পারেন, তা নিশ্চিত করতে আমরা সচেষ্ট রয়েছি।’
কৃষকরা হাতের নাগালে ও ন্যায্যমূল্যে ডিজেল কিনতে পেরে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।