সুবর্ণভূমি ডেস্ক
কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযানের সময় সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময়ে বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।
নিহত সৈনিক মো. তিতাস শেখ (২৭)। এ ঘটনায় মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। এ ছাড়া জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করেছে যৌথ আভিযানিক দল।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে এ ঘটনা ঘটে।
সেনাবাহিনীর সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যে জানা গিয়েছিল, রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র পাচারকারী দল জিম্মি করে রেখেছিল।
এ তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ আভিযানিক দল বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় সশস্ত্র মানবপাচারকারীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। এতে উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়।
একপর্যায়ে সৈনিক মো. তিতাস শেখ বাম কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সেনাবাহিনী জানায়, অভিযানের সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি দেশীয় বন্দুক ও চার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক এবং জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে।
কর্তব্যরত অবস্থায় তরুণ সেনাসদস্যের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সেনাবাহিনী। একই সঙ্গে তার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাহিনীটি।