সুবর্ণভূমি ডেস্ক
সংগৃহীত—
ছবি:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।
এর আগে সকালে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে এসআরবি। গ্রেপ্তারের পর তাকে গুলশান থানা-পুলিশের হেফাজতে রাখা হয়েছিল।
সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর তার, তার বোন শাহানা হানিফ এবং একজন কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এর আগে, ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত।
আদালতে জমা দেওয়া আবেদনে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিদের নামে পরিচালিত ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। সাঈদ খোকন ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন স্থান এবং বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের সঙ্গে তার আর্থিক যোগসূত্র থাকার তথ্যও পাওয়া গেছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
আবেদনে আরও বলা হয়, এসব ব্যাংক হিসাব থেকে অর্থ স্থানান্তর ও উত্তোলনের আশঙ্কা রয়েছে। এতে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ তদন্ত এবং সংশ্লিষ্ট অবৈধ অর্থ জব্দ করা কঠিন হয়ে পড়তে পারে।
এর আগে, ২০২৪ সালের ২৩ ডিসেম্বর ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য সাঈদ খোকন, তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ এবং ভাই জাবেদ আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।