যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আইপিএল নিলামে মোস্তাফিজসহ নাম লিখিয়েছেন বাংলাদেশের আরও ক্রিকেটার

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর,২০২৬, ০৯:১৩ পিএম
আইপিএল নিলামে মোস্তাফিজসহ নাম লিখিয়েছেন বাংলাদেশের আরও ক্রিকেটার

গত বছর আইপিএলে মোস্তাফিজুর রহমানকে দলে নেওয়া নিয়ে তৈরি হয়েছিল ব্যাপক আলোচনা-সমালোচনা। নিলামে বাংলাদেশি এই পেসারকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু মাঠে নামার আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে দল থেকে বাদ দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।

সেই ঘটনার প্রভাব গড়ায় আরও বহুদূর। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি তোলে বাংলাদেশ। শেষ পর্যন্ত টুর্নামেন্টেও অংশ নেয়নি বাংলাদেশ দল। দেশে আইপিএলের সম্প্রচারও বন্ধ হয়ে যায়। সব মিলিয়ে মোস্তাফিজকে কেন্দ্র করে ক্রিকেটীয় সম্পর্কের বাইরেও তৈরি হয়েছিল তুমুল উত্তেজনা।

সেই ঘটনার পর থেকেই প্রশ্ন উঠেছিল, মোস্তাফিজকে আবারও কি আইপিএলে দেখা যাবে? এবার সেই সম্ভাবনা তৈরি হয়েছে। আইপিএলের আগামী মৌসুমের মিনি নিলামে অংশ নিতে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। সংশ্লিষ্ট একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

সাকিব আল হাসানের পর বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে আইপিএলে সবচেয়ে পরিচিত মুখ তিনি। এখন পর্যন্ত পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন নয়টি মৌসুম। ২০১৬ সালে অভিষেক আসরেই জিতেছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। আইপিএলের ইতিহাসে এই পুরস্কারজয়ী একমাত্র বিদেশি ক্রিকেটারও মোস্তাফিজ।

আইপিএলে এখন পর্যন্ত ৬০ ম্যাচ খেলে ৬০ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। তার বোলিং গড় নয়, ওভারপ্রতি রান খরচ ৮.১৩। মোস্তাফিজের পাশাপাশি বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটারও এবারের নিলামে নিজেদের ভাগ্য পরীক্ষা করতে চান। জানা গেছে, সব মিলিয়ে ৬ থেকে ৭ জন বাংলাদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। তাদের মধ্যে রয়েছেন পেসার নাহিদ রানা, লেগ স্পিনার রিশাদ হোসেন ও ব্যাটসম্যান তাওহীদ হৃদয়। ১৭ নভেম্বর পর্যন্ত নিলামে নাম নিবন্ধনের সুযোগ থাকছে ক্রিকেটারদের।

আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় বসবে আইপিএলের মিনি নিলামের আসর। এই নিলামের মাধ্যমে নিজেদের ধরে রাখা ক্রিকেটারদের সঙ্গে নতুন খেলোয়াড় যুক্ত করে দল সাজাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে এবারের নিলামে মেগা নিলামের মতো পুরো দল নতুন করে গড়ার সুযোগ থাকছে না। বরং নিজেদের পরিকল্পনা ও প্রয়োজন অনুযায়ী খেলোয়াড় ছেড়ে দেওয়া কিংবা ধরে রেখেই নিলামে অংশ নিতে হবে দলগুলোকে।

আইপিএলের নিয়ম অনুযায়ী, প্রতিটি দলে সর্বোচ্চ ২৫ জন এবং সর্বনিম্ন ১৮ জন ক্রিকেটার রাখা যাবে। এর মধ্যে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা সর্বোচ্চ আটজন। ২০২৭ মৌসুমের জন্য প্রতিটি দলের খেলোয়াড় কেনার মোট ব্যয়সীমা নির্ধারণ করা হয়েছে ১৫৭ কোটি রুপি। তবে নিলামে অংশ নেওয়ার সময় কোন দলের হাতে কত টাকা থাকবে, তা এখনো নির্ধারিত হয়নি। খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শেষ হলে ফ্র্যাঞ্চাইজিগুলোর অবশিষ্ট অর্থের পরিমাণ জানা যাবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)