যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাঘারপাড়ার দর্গাহপুর মহিলা আলিম মাদরাসা

সব শিক্ষার্থী শ্বশুরবাড়িতে

আলিম পরীক্ষায় শতভাগ ফেল, ইউপি সনদে বিয়ে রেজিস্ট্রি

গোলাম মোস্তফা

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ১০:০০ এ এম
সব শিক্ষার্থী শ্বশুরবাড়িতে

যশোরের বাঘারপাড়ার দর্গাহপুর মহিলা আলিম মাদরাসায় প্রথম বর্ষে ভর্তি শুরু হয়েছে। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ২৭ জন, চলতি বছর পরীক্ষা দেয় আটজন। মোট এই ৩৫ জন শিক্ষার্থী সবাই বাল্যবিয়ের শিকার। জন্মনিবন্ধনের জন্মতারিখ বাদ দিয়ে ইউনিয়ন পরিষদের সনদে ১৮ বছর দেখিয়ে তাদের বিয়ে দেওয়া হয়েছে।

মাদরাসাঅধ্যক্ষ আব্দুল কুদ্দুস বলেন, ‘বিয়েতে আমরা বাধা দিলে অভিভাবকরা এ মাদরাসায় আর কোনো মেয়েদের পাঠাবে না।’

২০২৬ সালে আটজন পরীক্ষা দিয়েছিলেন, যাদের সবাই ফেল করেন। আটজনের প্রত্যেকে আইসিটি পরীক্ষায় ফেল করেছেন। আবার তিনজন আইসিটি ছাড়াও ইংরেজি, কুরআন ও হাদিসে ফেল করেছেন। ফেল করা আটজনকে পড়িয়েছেন আটজন প্রভাষক ও সহকারী অধ্যাপক। অথচ, কেউই পাস করতে পারেননি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এ মাদরাসা ১৯৮৭ সাল থেকে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে। আর ১৯৯৩ সাল থেকে আলিমে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। ২০২৬ সালে আলিম পরীক্ষায় সারাদেশে ৫৫টি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি। মাদরাসা শিক্ষাবোর্ডের কর্তৃপক্ষ গত ১০ নভেম্বর ফেল করা প্রতিষ্ঠানপ্রধানদের জরুরি তলব করেন। সেখানে ফেল করার কারণ লিখিতভাবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। দর্গাহপুর মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল কুদ্দুস তার প্রতিষ্ঠানের ফেল করার কয়েকটি কারণ জানিয়েছেন। এর মধ্যে শিক্ষার্থীদের ঠিকমতো ক্লাসে না আসা, পর্যাপ্ত শিক্ষক না থাকা, মেয়েদের বিয়ে দেওয়ার ফলে পড়াশোনায় অমনোযোগিতার কথা উল্লেখ করেন।

মাদরাসাটিতে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করানো হয়। এ প্রতিষ্ঠানের পাশেই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আধা কিলোমিটারের মধ্যে আরেকটি মহিলা আলিম মাদরাসা আছে। এরপর এ প্রতিষ্ঠানে বর্তমানে খাতাকলমে ২৫৪ জন শিক্ষার্থী রয়েছেন। যার মধ্যে আলিম দ্বিতীয় বর্ষে ২৭ জন, মাধ্যমিকে ১১৬ জন, অন্যরা প্রাথমিকে।

পাঁচজন কর্মচারী, প্রাথমিকে চারজন, মাধ্যমিকে ছয়জন, আলিমে আটজন, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মিলে ২৫ জন শিক্ষক-কর্মচারী সরকার থেকে বেতনভাতা নেন।

সুবর্ণভূমি প্রতিবেদক যাচ্ছেন শুনে অধ্যক্ষ আব্দুল কুদ্দুস স্বাক্ষরিত দাখিল ও আলিম পরীক্ষার ফলাফলের একটি তালিকা আগেভাগেই তার টেবিলের গ্লাসের নিচে সাজিয়ে রাখেন। প্রদর্শিত এই ফলাফলের সাথে অবশ্য শিক্ষা বোর্ডের ফলাফলের মিল পাওয়া যায়নি।

এবারের ফলাফল খারাপ হওয়ার কারণ সম্বন্ধে অধ্যক্ষ মো. আব্দুল কুদ্দুস বলেন, ‘মেয়েদের পড়াশোনা করানোর আগ্রহ নেই সাধারণ মানুষের। তাই দাখিল (এসএসসি) পাস করার পর মেয়েদের বিয়ে দিয়ে দেন। তারা পড়াশোনা করতে চায় না।’

উদাহরণ স্বরূপ তিনি বলেন, ‘২০২৭ সালে আলিম পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২০২৫ সালে ২৭ মেয়ে ভর্তি হয়। এই ২৭ জনেরই বিয়ে হয়ে গেছে। এরমধ্যে মাত্র দশজন পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে। ২০২৬ সালে যারা পরীক্ষা দিয়েছিল, তারা সবাই বিবাহিত। তারা স্বামীর সংসারে সময় দেবে, না পড়াশোনা করবে?’

পরীক্ষায় ফেল করা কয়েকজন ছাত্রীর ঠিকানা জানতে চাইলে অধ্যক্ষ বলেন, ‘তারা সবাই শ্বশুরবাড়িতে। বাবার বাড়িতে কাউকে পাওয়া যাবে না।’

মাদরাসার উপাধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, ২০২৩ সালে ননএমপিওভুক্ত আইসিটি শিক্ষক হিমেল বিশ্বাস চলে যান। ২০২৬ সালের ১ জুন আইসিটি শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। দীর্ঘদিন আইসিটি শিক্ষক না থাকায় এবছর আট পরীক্ষার্থীই আইসিটি বিষয়ে ফেল করেছেন।

এছাড়া, মাদরাসায় আবশ্যিক বিষয় সাধারণ গণিত, সমাজবিজ্ঞান, ভৌত বিজ্ঞান, কৃষিশিক্ষা ও কুরআন বিষয়ে কোনো শিক্ষক নেই।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, ওই মাদরাসায় পড়াশোনার উদ্দেশ্যে আলিমে কোনো মেয়ে ভর্তি হন না। ক্লাস শিক্ষার্থীশূন্য থাকলে শিক্ষকদের বেতনভাতা বন্ধ হয়ে যেতে পারে। সেই শংকায় শিক্ষকরা পরিচিতজনের মেয়েদের কাগজপত্র এনে নিজেদের খরচে ভর্তি করে দেন। এ কারণে মেয়েরা মাদরাসায় ঠিকমতো যান না এবং পড়াশোনায়ও মনোযোগী নন।

দুর্গাপুর গ্রামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, ‘পড়াশোনায় ভালো না হওয়ায় আমার মেয়েকে আগামী বছর থেকে পাঠাবো না।’

সহকারী প্রভাষক (আরবি) আব্দুল হান্নান বলেন, ‘শিক্ষার্থী এলে তবেই তো পড়াশোনা করাবো! কিন্তু তারা যদি না আসে তাহলে কাদের পড়াবো?’

শিক্ষার্থীরা কেন আসে না—এমন প্রশ্নে তার ভাষ্য, ‘সব শিক্ষার্থী (মেয়ে) শ্বশুরবাড়িতে। তারা আসবে কেমন করে?’

শিক্ষার্থীদের বাল্য বিয়ে প্রতিরোধে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে অধ্যক্ষ আব্দুল কুদ্দুস বলেন, ‘বাল্যবিয়ে প্রতিরোধে পদক্ষেপ নিলে অভিভাবকরা তাদের মেয়েদের এ মাদরাসায় পাঠাবে না। জন্মনিবন্ধন বাদ দিয়ে ইউনিয়ন পরিষদের সনদে তাদের বয়স ১৮ দেখিয়ে বিয়ের রেজিস্ট্রি করা হচ্ছে।’

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিকুজ্জামান বলেন, ‘পরীক্ষায় যে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল খারাপ হয়েছে, সেইসব প্রতিষ্ঠানপ্রধানদের নিয়ে ইতিপূর্বে আমরা বসেছি। আলাদা করে বসার সময় হয়ে ওঠে না। কিন্তু একটি শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারের এতো ব্যয়, অথচ তার আউটপুট শূন্য—এভাবে তো চলতে পারে না।’

বিকেলে তিনি জানান, একটি পত্রের মাধ্যমে তিনি মাদরাসাপ্রধানকে ফলাফল বিপর্যয়ের যথাযথ কারণ ২৬ নভেম্বরের মধ্যে বাঘারপাড়া ইউএনও-কে জানাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভূপালী সরকার বলেন, ‘আলিম ক্লাসের শিক্ষার্থী, মানে তাদের বয়স ১৮ বছরই তো হয়নি। কীভাবে তাদের বিয়ে হয়ে যাচ্ছে, বিষয়টি খোঁজখবর নেবো।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)