লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
আদালতের নিষেধাজ্ঞাকে অমান্য করে লোহাগাড়া উপজেলার কচুবাড়িয়া গ্রামে ৬টি মেহগনি গাছ কেটে জমি দখলের চেষ্টা করছেন ওই গ্রামের সুভাষ চন্দ্র দাস।
শনিবার (২৫ জুলাই) সকালে এই ঘটনা ঘটে বলে ভূক্তভোগী বিবেকানন্দ রোববার সাংবাদিকদের জানান।
মামলার বাদী বিবেকানন্দ দাস জানান, ৯৬ নং কচুবাড়িয়া মৌজার এসএ ৫১৪, ৫৪৩ ও ৫৬১ নং খতিয়ানে পৈত্রিক সূত্রে এসএ দাগ নং ৭৩,৭৪,৭৫ ও ৭৮, যার হাল দাগ ২২১,২২৩ ও ২২৪ জমিতে প্রায় ১০০ বছরের বেশি সময় বাড়ি ও বাগানসহ ৩১ শতাংশ জমি ভোগদখল করে আছেন। জমিটি আরএস রেকর্ডে ৩৩১ ও ৩০৬ নিজ নামে খতিয়ানভূক্ত হয়।
আআরএস ২৬২ খতিয়ানে ২৩ শতাংশ জমি বাদীর আমানতকৃত।
বিবাদী সুভাষ চন্দ্র দাস জমি পাওয়ার অজুহাতে প্রায় ১৮ বছর ধরে স্থানীয় অসৎ লোকজন দিয়ে বিবেকানন্দকে নানাভাবে অত্যাচার করে আসছেন। তাদের হাত থেকে রক্ষা পেতে তিনি ২০০৯ সালে নড়াইলের বিজ্ঞ আদালতে দেওয়ানী মামলা করেন, যার মামলা নং ৯৪/০৯।
ওই মামলার সূত্র ধরে ফৌজদারী কার্যবিধিতে বিজ্ঞ আদালত উভয়পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য বিরোধীয় ভূমিতে স্থিতিশীল অবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।
বর্তমানে মামলাটি আদালতে চলমান রয়েছে।
আদালতের ওই নির্দেশ অমান্য করে সুভাষ চন্দ্র দাস শনিবার (২৫ জুলাই) সকাল ৮টার দিকে বিরোধীয় ও আদালতের স্থিতি আদেশভূক্ত ওই জমি থেকে ৬টি মেহগনি গাছ কেটে নিয়ে যান।
মামলার বাদী বাধা দিতে গেলে মারধর করতে আসেন। স্থানীয় গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে তারা সরে যান।
এ বিষয়ে সুভাষ চন্দ্র দাস মামলার বিষয়টি অস্বীকার করে বলেন, আদালতের নিষেধাজ্ঞা আছে কিনা তিনি জানেন না।