কুষ্টিয়া প্রতিনিধি
বাবা-ছেলের বাকবিতণ্ডার একপর্যায়ে ছেলের আঘাতে রক্তাক্ত হয়ে বানেজ উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে রোববার (২৬ জুলাই) রাত ৯টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুইকুন্ডি এলাকায়।
ওই এলাকারই বাসিন্দা বানেজ উদ্দিন পেশায় একজন গ্রামপুলিশ ছিলেন।
স্থানীয় সুত্র জানায়, বানেজ উদ্দিনের কাছে মহিষ বিক্রির টাকা চায় তার ছেলে রাজিব। তিনি টাকা দিতে না চাইলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ছেলে রাজিব তার হাতে থাকা টর্চলাইট দিয়ে বাবা বানেজ উদ্দিনের মাথায় আঘাত করলে রক্তাক্ত জখম হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
বানেজ উদ্দিনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।