স্টাফ রিপোর্টার
, যশোর
৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইমরান হোসেন সোনা ওরফে সোনা মেম্বার নামে এক মাদক ব্যবসায়ীকে আটকের দাবি করেছে যশোরের ডিবি পুলিশ।
গত শনিবার (২৫ জুলাই) রাতে যশোর পৌরসভার চারনম্বর ওয়ার্ডের মফিজুর রহমানের চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক সোনা মেম্বার ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার সুবর্ণসারা গ্রামের মৃত মাওলা বক্স মন্ডলের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই বাবলা দাসের নেতৃত্বে একটি দল পৌরসভার চারনম্বর ওয়ার্ডের মফিজুর রহমানের চায়ের দোকানের সামনে অভিযান চালান। এ সময় চায়ের দোকানের পাশে তিনরাস্তার মোড়ের রাস্তার উপর থেকে সোনা মেম্বারকে আটক করে তার দেহ তল্লাশি করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক সোনা মেম্বারের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দেয়া হয়েছে। আটক সোনা মেম্বারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।