স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে দুই মাদককারবারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১ আগস্ট) সকালে উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা শহরতলীর শেখহাটি এলাকায় অভিযান চালিয়ে তাদের মাদকসহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত সাজা দেয়।
দণ্ডপ্রাপ্ত আল মাহমুদ ফরিদপুর মধুখালী উপজেলার রাজধরপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে। তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ রাজা বিশ্বাস যশোর সদর উপজেলার শেখহাটি গ্রামের মৃত মোহাম্মদ আলী বিশ্বাসের ছেলে। তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দীন ও শামিউল আলমের পৃথক আদালতে তাদের সাজা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, উপশহর এলাকাকে মাদকমুক্ত রাখতে বিশেষ অভিযান চালিয়ে আসছে উপশহর পুলিশ ক্যাম্প। এর ধারাবাহিকতায় এসব অভিযান চালানো হচ্ছে।
উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই আলোক কুমার দে এই তথ্য নিশ্চিত করেছেন।