স্টাফ রিপোর্টার
, যশোর
পারিবারিক কলহের জেরে যশোরের অভয়নগরে মেয়ের নোড়ার আঘাতে সাহানা বেগম (৬১) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ভাঙ্গাগেট এলাকার ভৈরব সেতু-সংলগ্ন এক ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত সাহানা বেগম বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলার বাসিন্দা ও জহুরুল ইসলামের স্ত্রী। তিনি অভয়নগরের একটি জুটমিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান,পারিবারিক বিরোধের একপর্যায়ে সাহানা বেগমের মেয়ে শিরিনা খাতুন শিলপাটার নোড়া দিয়ে তার মাথা ও মুখে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা সাহানা বেগমকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ এসএম নুরুজ্জামান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মেয়ে শিরিনা খাতুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।