খুলনা অফিস
ছিনতাইকারীর হামলায় খুলনায় শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে খুলনা মহানগরীর সদর থানা এলাকার কলেজিয়েট স্কুলের সামনে রাস্তায় এই ঘটনা ঘটে।
আহত শাহ আলম খুলনা জেলা পুলিশের ‘এ’ সার্কেল অফিসে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রূপসা থানা এলাকায় বিশেষ অভিযান শেষে রিকশায় করে নগরীর শান্তিধাম মোড়ের আবাসিক পুলিশ ক্লাবে যাচ্ছিলেন শাহ আলম। কলেজিয়েট স্কুলের সামনে তিন ছিনতাইকারী তার পথরোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ছিনতাইকারীরা ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কবজির ওপর এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
পরে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সোনাডাঙ্গা থানার মোবাইল টিমের সহায়তায় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
প্রথমে তাকে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও পরে অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত ৪টা ১৫ মিনিটে তাকে সার্জারি বিভাগের ভর্তি করা হয়।
আহত পুলিশ পরিদর্শকের দুই হাতের জখম গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় রেফার করেন।
পরবর্তীতে পুলিশের একটি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার উদ্দেশে পাঠানো হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত পুলিশ পরিদর্শককে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই জড়িত ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযানে রয়েছে।
এই ঘটনায় খুলনা সদর থানায় একটি মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।