খুলনা অফিস
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুলনার তেরখাদায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার কাটেঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ঘটনার পর থেকে বাজার দুই ঘণ্টা বন্ধ ছিল। পুলিশের তৎপরতার কারণে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার উপজেলা ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ টগরের ভাইয়ের সাথে যুবদল আহ্বায়ক হুমায়ুন কবিরের ছেলের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে মঙ্গলবার বেলা ১১টার দিকে উভয় পক্ষ থানার সামনে স্থানীয় কাটেঙ্গা বাজারে উপস্থিত হয়। এ সময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এরপর তারা একে অপরকে উদ্দেশ্যে করে ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। পুলিশের তৎপরতার কারণে কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।