কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের নড়াগাতিতে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তারের দাবি করেছে নড়াগাতি থানা পুলিশ। আজ রবিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বাঐসোনা দক্ষিণ ডুমুরিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নড়াগাতি থানার দক্ষিণ ডুমুরিয়া গ্রামের মৃত বালা শেখের ছেলে আশিক শেখ (৪০) ও একই গ্রামের নুরুল ইসলাম শেখের ছেলে অহিদুল ইসলাম শেখ (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলীর তত্ত্বাবধানে এসআই এফ এম তারেক ও এএসআই মো. নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বাঐসোনা দক্ষিণ ডুমুরিয়া গ্রামের আশিক শেখের বাড়ির সামনের রাস্তা থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী জানান, এ ঘটনায় নড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।