কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাত দল গৃহকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ও বেঁধে রেখে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে বলে ভুক্তভোগী পরিবার দাবি করলেও পুলিশ বিষয়টিকে সন্দেহজনক বলছে।
ভুক্তভোগী পরিবার বলছে, ওই গ্রামের সৌদি প্রবাসী বাঁধন মোল্লার বাড়িতে গভীর রাতে একদল অস্ত্রধারী প্রবেশ করে। তারা প্রথমে বাঁধনের বাবা মাসুম মোল্লাকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি খুঁটির সাথে বেঁধে ফেলে। পরবর্তীতে ঘর থেকে নগদ পাঁচ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। সকালে প্রতিবেশীরা এসে মাসুম মোল্লাকে বাঁধা অবস্থায় দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
তবে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, ডাকাতির এই ঘটনাটি বেশ সন্দেহজনক।
মাসুম মোল্লার কাছে অনেকে টাকা পাবেন। পাওনাদারদের হাত থেকে বাঁচতে তিনি নিজেই এই ডাকাতির নাটক সাজিয়েছেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। বিষয়টি নিয়ে পুলিশের তদন্ত চলছে; বিস্তারিত তদন্ত শেষে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে।