ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ইট দিয়ে মাথায় আঘাত করে সাবেক স্ত্রী সুমাইয়া খাতুনকে (২৪) হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামী এনামুল হোসেনের (৩০) বিরুদ্ধে।
এ ঘটনায় স্থানীয় লোকজন এনামুলকে পিটুনি দেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ তাকে হেফাজতে নেয়।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ পৌরসভার কাঞ্চননগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ওই এলাকার সেকেন্দার আলীর মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে ঝিনাইদহ পৌরসভার শিকারপুর গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে এনামুল হোসেনের সঙ্গে পারিবারিকভাবে সুমাইয়ার বিয়ে হয়। তাদের একটি সন্তান রয়েছে। তবে দুই বছর আগে তাদের বিচ্ছেদ হয়।
সুমাইয়ার বাবা সেকেন্দার আলী অভিযোগ করেন, বিচ্ছেদের পর সন্তানের অভিভাবকত্ব নিয়ে আদালতে মামলা হয়। ওই মামলা প্রত্যাহারের জন্য এনামুল তার মেয়েকে চাপ দিয়ে আসছিলেন। এর আগেও তিনি সুমাইয়াকে হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেন তিনি।
সেকেন্দার আলী বলেন, বুধবার সকালে এনামুল তাদের বাড়িতে এসে মেয়ের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ান। একপর্যায়ে ইট দিয়ে সুমাইয়ার মাথায় আঘাত করেন তিনি। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও মেয়েকে বাঁচানো যায়নি।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফি সুলতানা আইভি বলেন, সুমাইয়া খাতুনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ইট দিয়ে আঘাত করে সুমাইয়াকে হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত এনামুলকে মারধর করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ তাকে হেফাজতে নিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।