মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) ভোরে মহেশপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জলিলপুর মাঠের মণ্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তবে অভিযানের সময় নয়ন নামে আরও একজন পালিয়ে যান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌরসভার জলিলপুর ক্যাম্পপাড়ার মৃত রবিউল ইসলামের ছেলে হাসানুর (২১) এবং একই এলাকার আনসার আলীর ছেলে সাইম (১৯)।
পুলিশ বলছে, তল্লাশি চালিয়ে হাসানুরের কাছ থেকে দশ পিস এবং সাইমের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমরান আলম জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা এবং গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।