শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে পৌর সদরের ইসমাইলপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শরিফুল ইসলাম ইসমাইলপুর এলাকার ব্যবসায়ী নুরুল ইসলামের ছেলে। তিনি পার্শ্ববর্তী কালিগঞ্জ উপজেলার শিমু রেজা এমপি কলেজের বাংলা বিভাগের প্রভাষক।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুরোনো একটি মামলায় শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এদিকে স্থানীয় বাসিন্দা আবদুল হালিমসহ কয়েকজন জানান, মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফজরুল হক এবং তার ছেলে সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলনের গোমানতলী গ্রামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে ওই অভিযানে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।