পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পুলিশের বিশেষ অভিযানে খুলনার পাইকগাছায় মাদক ও বিভিন্ন মামলার ১২ আসামিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত থেকে বুধবার (১৮ নভেম্বর) সকাল পর্যন্ত চলা এ অভিযানে ৭২টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবদুল আউয়াল কবিরের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান ও এসআই কৃপা সিন্ধুর নেতৃত্বে চাঁদখালী বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি আজু (৪৮) ও তার তিন সহযোগীকে ৭২টি ইয়াবা বড়িসহ আটক করা হয়।
এ ছাড়া নাশকতার মামলায় পৌরসভার সরল এলাকা থেকে আবদুল খালেক গাজীর ছেলে রনিকে (৩৭) আটক করে পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আমিন গাজী, মনিরুল ইসলাম ও মিলন মোড়লকে আটক করা হয়েছে।
অন্যদিকে বিশেষ অভিযানের অংশ হিসেবে ময়না (৩৫), ইমন গাজী, হৃদয় শেখ ও আজহারুল ইসলাম নামের আরও চারজনকে পুলিশ আইনের ৩৪ ধারায় আটক করা হয়।
পাইকগাছা থানার ওসি শেখ আবদুল আউয়াল কবির আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে বুধবার (১৮ নভেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক, সন্ত্রাস, চুরি, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।