স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের অভয়নগরে দশ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে রুস্তম মোড়ল (৭০) নামে এক বৃদ্ধকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৮ নভেম্বর) যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আতোয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত রুস্তম মোড়ল অভয়নগর উপজেলার গাজীপুর গ্রামের মোড়লপাড়ার মৃত রাহেন উদ্দিন মোড়লের ছেলে।
রায়ে কারাদণ্ডের পাশাপাশি তাকে দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় শিশুটির মা প্রতিবেশীর বাড়িতে যান। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে রুস্তম মোড়ল ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন। একপর্যায়ে প্রতিবেশী শাহানারা বেগম ওই বাড়িতে গিয়ে ডাকাডাকি করলে রুস্তম মোড়ল পালিয়ে যান। পরে শিশুটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান আসামি রুস্তম মোড়লকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন।
দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত বুধবার এ রায় ঘোষণা করেন।