মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে ফ্যামিলি কার্ডের তিন তথ্য সংগ্রহকারীর কাছ থেকে সরকারি ট্যাব ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় আল মামুন নামে এক তথ্য সংগ্রহকারীকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের শাহাপুর ও কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার কয়েক ঘণ্টা পর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে স্থানীয় দুটি দোকান থেকে ট্যাব তিনটি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।
ট্যাব ছিনিয়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দুই ব্যক্তিকে ট্যাব নিয়ে মোটরসাইকেলে করে চলে যেতে দেখা যায়।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে তথ্য সংগ্রহের কাজে বের হলে মুঠোফোনে কল করে আল মামুনকে শাহাপুর গ্রামে ডেকে নেওয়া হয়। সেখানে চারজন ব্যক্তি রাস্তার ওপর তার গতিরোধ করে বাঁশ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন এবং তার কাছ থাকা ট্যাবটি কেড়ে নেন।
অন্যদিকে কাঁঠালতলা এলাকায় কাজ করার সময় সোহাগ হোসেন ও বৈশাখী নামের অপর দুই তথ্য সংগ্রহকারীর অবস্থান জেনে মোটরসাইকেলে এসে দুই ব্যক্তি তাদের দুটি ট্যাব ছিনিয়ে নিয়ে যান।
ভুক্তভোগীদের দাবি, তারা কোনো রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত নন। তারপরও রাজনৈতিক তকমা দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়েছে ও ট্যাব কেড়ে নেওয়া হয়েছে। হামলাকারীরা স্থানীয় বিএনপির কর্মী-সমর্থক বলে তাদের অভিযোগ।
আহত আল মামুন বলেন, ‘সকাল সাড়ে নয়টার দিকে একটি নম্বর থেকে কল করে জাতীয় পরিচয়পত্র দেওয়ার কথা বলে আমাকে শাহাপুর গ্রামে ডাকা হয়। সেখানে পৌঁছালে চারজন আমাকে থামিয়ে পরিচয় নিশ্চিত হয়ে বাঁশ দিয়ে পেটান এবং ট্যাবটি কেড়ে নেন। আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। তবে মামলার ঝামেলায় জড়াতে চাচ্ছি না।’
অপর ভুক্তভোগী সোহাগ হোসেন বলেন, ‘আমি ও বৈশাখী পাশাপাশি বাড়িতে কাজ করছিলাম। ফোনে আমাদের অবস্থান জেনে দুজন মোটরসাইকেলে এসে ট্যাব দুটি কেড়ে নেন। তাদের একজনের নাম আবদুল হান্নান বলে জানতে পেরেছি। কাজের পূর্ণ নিরাপত্তা পেলে আমরা আবার কাজে ফিরবো।’
মশ্মিমনগর ইউনিয়নে তথ্য সংগ্রহ কাজের সুপারভাইজার ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন হোসেন জানান, ঘটনাটি জানাজানি হওয়ার পর উপজেলা প্রশাসনের নির্দেশে তিনি দুটি দোকান থেকে ট্যাব তিনটি উদ্ধার করে সমাজসেবা কর্মকর্তার কাছে জমা দিয়েছেন।
তিনি বলেন, ‘স্থানীয় কিছু লোক এই তিনজনকে আওয়ামী লীগ পরিবারের সদস্য ভেবে ক্ষুব্ধ ছিলেন। তবে যারা ট্যাব কেড়ে নিয়েছেন, তারা বিএনপির কোনো দায়িত্বশীল পদে নেই, কর্মী-সমর্থক পর্যায়ের।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন ট্যাব তিনটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজেই মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বে আছেন। তিনি বিষয়টি দেখছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে মণিরামপুরের ইউএনও সম্রাট হোসেনের ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।