স্টাফ রিপোর্টার
, যশোর
সাবেক স্ত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবির অভিযোগে যশোরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আদালতের নির্দেশে কোতোয়ালি থানায় মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করা হয়।
মামলার আসামি রিপন হোসেন (২৫) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের কেনা গাজীর ছেলে। ভুক্তভোগী তরুণী (২২) বাদী হয়ে এর আগে যশোরের আদালতে নালিশি মামলাটি করেছিলেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে পারিবারিকভাবে ওই তরুণীর সঙ্গে রিপন হোসেনের বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলেসন্তান রয়েছে।
বিয়ের কিছুদিন পর থেকেই রিপন মাদকাসক্ত হয়ে পড়েন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। একপর্যায়ে নির্যাতন সইতে না পেরে গত ১৪ অক্টোবর ওই তরুণী রিপনকে তালাক দেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, তালাকের পর থেকে রিপন ফোনে কল করে সাবেক স্ত্রীকে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তিনি জানান, তার কাছে ওই তরুণীর অগোচরে ধারণ করা ব্যক্তিগত ছবি ও ভিডিও রয়েছে। নিয়মিত নেশার টাকা না দিলে সেগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। এরই ধারাবাহিকতায় গত ২৬ অক্টোবর সন্ধ্যায় ওই তরুণীর ইমো অ্যাকাউন্টে ব্যক্তিগত ছবি ও ভিডিও পাঠান রিপন।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণী প্রথমে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপরও হুমকি অব্যাহত থাকায় তিনি যশোরের আদালতে নালিশি মামলা করেন।
আদালত অভিযোগটি আমলে নিয়ে সাত কার্যদিবসের মধ্যে তা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী থানায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে।