স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে তিন কোটি ৫৬ লাখ টাকা দামের ১৫টি সোনার বারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোরের ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালায় ৪৯ বিজিবির একটি বিশেষ টহল দল। এ সময় ৪৯ বিজিবির এক নম্বর গেটের সামনে পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাটিয়ালি গ্রামের আনোয়ার আলীর ছেলে হাবিবুর রহমান (২৫), কেঁড়াগাছি গ্রামের আবুল কালামের ছেলে মো. সুমন হোসেন (২৩) এবং সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. হেদায়রু রহমান (৩৮)।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের শরীরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় এক হাজার ৭৮০ গ্রাম ওজনের ১৫টি সোনার বার পাওয়া যায়। এ ছাড়া সাত হাজার টাকা মূল্যের ২৩ গ্রাম রুপা, একটি প্রাইভেট কার, চারটি ফোন, দুটি হাতঘড়ি ও নগদ তিন হাজার টাকা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে সোনার বারগুলো নিয়ে যাচ্ছিলেন তারা, ভাষ্য বিজিবির।
তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।