সুবর্ণভূমি ডেস্ক
বরিশালে জিয়াউলের বাড়ির গেটে তার ছবিসহ সাইনবোর্ড। তাতে লেখা, ‘এই সেই সিরিয়াল কিলার’—সংগৃহীত
ছবি:
বরিশাল মহানগরে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বাসভবনের সামনে ‘খুনি’ ও ‘সিরিয়াল কিলার’ লেখা দুটি সাইনবোর্ড টাঙিয়েছেন বিক্ষোভকারীরা।
এ সময় তার বাড়ির নামফলকে কালি লেপে দেওয়া হয়। গুম হওয়া ছাত্রদল নেতা দুই ভাই ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম জিয়াউল আহসানের ছবিতে জুতাপেটা করেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরের বৈদ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যপাড়া এলাকায় জিয়াউল আহসানের তিনটি বাড়ি রয়েছে। এর মধ্যে একটি ‘তাসফিয়া মঞ্জিল’। বৃহস্পতিবার বিক্ষোভকারীরা ওই বাড়ির সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে বাড়ির মূল ফটকে দুটি সাইনবোর্ড টাঙিয়ে দেন তারা।
সাইনবোর্ডে জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনের বেশি মানুষকে নিজ হাতে হত্যা, দুই শতাধিক মানুষকে হত্যার নেতৃত্ব দেওয়া এবং এক হাজারের বেশি মানুষকে গুমের অভিযোগ আনা হয়। এ ছাড়া আয়নাঘরে নির্যাতন, বালিশ চাপা দিয়ে ও গুলি করে হত্যা এবং লাশ নদীতে ফেলে দেওয়ার মতো গুরুতর অভিযোগও উল্লেখ করা হয়।
কর্মসূচিতে অংশ নিয়ে ইসলামী ছাত্র আন্দোলনের নেতা মো. জিয়াউর রহমান নাইম বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে অসংখ্য মানুষকে হত্যা ও গুমের অভিযোগ রয়েছে। তার দাবি, জিয়াউলের দেহরক্ষীর কাছ থেকে দেড় শ থেকে দুই শ মানুষকে গুমের তথ্য পাওয়া গেছে। তিনি জিয়াউল আহসানের ফাঁসির দাবি জানান।
সাইনবোর্ড টাঙানোর পর গুম হওয়া দুই ভাইয়ের মা ফিরোজা বেগম জিয়াউল আহসানের ছবিতে জুতাপেটা করেন। এ সময় কান্নাজড়িত কণ্ঠে তিনি ছেলেদের গুম হওয়ার ঘটনার বর্ণনা দেন।
ফিরোজা বেগম বলেন, প্রথমে তার ছোট ছেলে মিরাজকে তুলে নেওয়া হয়। পরে বড় ছেলে কালুকে নিয়ে যাওয়া হয়। তখন কালুর তিন বছরের একটি সন্তান ছিল।
তিনি আরও বলেন, জিয়াউল আহসানের ছোট ভাই জিয়াউর রহমানের কাছ থেকে একটি ফোন নম্বর নিয়ে তিনি র্যাব কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে কর্মকর্তারা জিয়াউল আহসানকে ফোন করে জানান, কালুর মা তাদের কাছে এসেছেন এবং তার পা জড়িয়ে ধরে বসে আছেন। তাকে যেন কোনো ক্ষতি করা না হয়, সে বিষয়েও অনুরোধ করা হয়।
ফিরোজা বেগমের ভাষ্য, পরে তাকে একটি ফোন নম্বর দেওয়া হয়। ওই নম্বরে ফোন করে তিনি ছেলের প্রাণভিক্ষা চেয়েছিলেন। তবে কথা বলার একপর্যায়ে ফোন কেটে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ‘আমার দুইডা ছেলে ২০১২ সালে গুম হইছে। আইজও তাদের কোনো খবর পাই নাই। আমি ওর ফাঁসি চাই।’
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ফিরোজা বেগমের দুই ছেলে ফিরোজ খান কালু ও মিরাজ খান বরিশাল নগরের ২০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের ১৪ বছর ধরে কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন স্বজনেরা। বিক্ষোভকারীরা জিয়াউল আহসানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাইল প্রসিকিউশন
শতাধিক মানুষকে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন। একই সঙ্গে তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বণ্টনের আবেদন জানানো হয়েছে।
গতকাল বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ আবেদন জানানো হয়।
পরে আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য আগামী রোববার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।