অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে শত্রুতাবশত একটি মাছের ঘেরে বিষ দিয়ে সব মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।
এক রাতে ঘেরে বিভিন্ন প্রজাতির ছোট-বড় প্রায় ২০ মণ মাছ মরে ভেসে উঠেছে। এতে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ঘেরটির মালিক রফিকুল ইসলাম দাবি করেছেন।
শনিবার (১৬ মে) দিবাগত গভীর রাতে উপজেলার ধোপাদী গ্রামের দপ্তরীপাড়ায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে রোববার (১৭ মে) দুপুরে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত ঘের মালিক রফিকুল ইসলাম বলেন, তার এক একর ৩৫ শতক মাছের ঘেরে বিভিন্ন প্রজাতির মাছ ছিল। শনিবার (১৬ মে) বিকেল ৪টার দিকে মাছের খাবার দিয়ে ঘের থেকে বাড়ি ফিরে যান তিনি। রাত ১০টার দিকে এসে দেখেন ঘেরে মাছ মরে ভেসে রয়েছে। পূর্ব পরিকল্পিতভাবে ও শত্রুতাবশত কে বা কারা বিষ প্রয়োগ কিংবা গ্যাস ট্যাবলেট ব্যবহার করে তার মাছের ঘেরের প্রায় ২০ মণ ছোট-বড় মাছ মেরে ফেলেছে। যাতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

ঘের মালিক রফিকুল আরো জানান, ঘটনার পর রোববার দুপুর ২টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয়ে অভয়নগর থানার ওসি (ভারপ্রাপ্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’