শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দায়ের করা মামলাকে মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মামলার আসামিপক্ষের সাতজন।
রোববার বিকেলে বিড়ালাক্ষী এলাকার সরদারপাড়ায় এক বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন নূরুল হক সরদার, আফছার সরদার, আল আমিন, বুলবুল সরদার, নাসির সরদার, সিরাজুল ইসলাম ও খোকন সরদারসহ স্থানীয়রা।
লিখিত বক্তব্যে আসামিপক্ষ দাবি করেছে, সাতক্ষীরার দ্রুত বিচার আদালতে দায়ের হওয়া মামলাটি ( নম্বর ২৪/২৬ শ্যামনগর) সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। বাদী কামরুল ইসলাম ব্যক্তিগত আক্রোশ ও জমিজমা বিরোধকে কেন্দ্র করে তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন এবং হয়রানি করার উদ্দেশ্যে এ মামলা দায়ের করেছেন।
তারা অভিযোগ করেন, নিজেদের ঘরের বারান্দা ভাঙচুর ও পোশাকে আগুন দিয়ে নাটক সাজিয়ে আদালতে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এ সংক্রান্ত ভিডিও ফুটেজ তাদের কাছে রয়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
এ বিষয়ে মামলার বাদী কামরুল ইসলাম বলেন, ‘যা ঘটেছে সেই ঘটনামাফিক মামলা করেছি। তাদের কাছে যেমন ভিডিও আছে, আমার কাছেও রয়েছে।’