মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
ছাত্রশিবির কর্মী ইব্রাহিম সরদার
ছবি:
মাগুরার মহম্মদপুর উপজেলায় সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক হওয়া ছাত্রশিবির কর্মী ইব্রাহিম সরদার ও ওই গৃহবধূকে রোববার (১৭ মে) দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে গত শুক্রবার (১৫ মে) রাতে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌবাড়ীয়া গ্রামে প্রবাসীর ঘর থেকে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছিল।
আটক ইব্রাহিম সরদার চৌবাড়ীয়া গ্রামের লাকু সরদারের ছেলে এবং স্থানীয় বিনোদপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
স্থানীয় বাসিন্দা ও মামলা সূত্রে জানা গেছে, চৌবাড়ীয়া গ্রামের এক ব্যক্তি জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন। স্বামী বিদেশে থাকার সুবাদে প্রতিবেশী ইব্রাহিম সরদারের সঙ্গে তার স্ত্রীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।
গত শুক্রবার রাত একটার দিকে ইব্রাহিম গোপনে প্রবাসীর স্ত্রীর শোবার ঘরে প্রবেশ করলে প্রবাসীর ভাই ও ভাবি বিষয়টি টের পেয়ে যান।
তারা কৌশলে ঘরের ভেতরে ঢুকে দুজনকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন। তাৎক্ষণিকভাবে তারা সৌদি আরবে অবস্থানরত শফিকুলকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে পুরো দৃশ্যটি সরাসরি দেখান।
এরপর তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ওই দুজনকে ঘরের মধ্যে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
আটক হওয়ার পর প্রবাসীর স্ত্রী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্বামী দীর্ঘদিন বিদেশে থাকার কারণে একাকিত্ব ও সুযোগের সদ্ব্যবহার করে ইব্রাহিমের সঙ্গে তার নিয়মিত শারীরিক ও মানসিক যোগাযোগ গড়ে ওঠে।
বিনোদপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ইব্রাহিম সংগঠনের কোনো পদে নেই। তিনি শিবিরের একজন সক্রিয় কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিতেন। তবে কর্মী হলেও তার এই ব্যক্তিগত অপরাধের দায় ছাত্রশিবির কোনোভাবেই নেবে না।’
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, গত শুক্রবার রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। আজ (রোববার) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।