স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর এক নারী শিক্ষার্থীর স্পর্শকাতর স্থানের ছবি উঠিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে কোতোয়ালি থানায় পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। এরআগে আদালতে একটি পিটিশন দাখিল করা হয় ওই নারী শিক্ষার্থীর অপর সহপাঠী নারীর বিরুদ্ধে।
মামলার বাদী (২২) খুলনার ফুলতলা উপজেলার একটি গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। আর যাকে আসামি করা হয়েছে তিনি (২৪) যশোরের অভয়নগর উপজেলার একটি গ্রামের বাসিন্দা।
বাদীর অভিযোগ, তারা সহপাঠী এবং তাদের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তারা একই মেসে থেকে লেখাপড়া করতেন। তিনি (বাদী) মেসে ঘুমিয়ে থাকাকালে আসামি কৌশলে তার মোবাইলফোনে শরীরের স্পর্শকাতর স্থানের ছবি উঠায়। বর্তমানে তাদের মধ্যে বিরোধ চলছে।
গত ২ মে ‘অভয়নগরের বাণী’ নামে একটি নিউজপোর্টালে একটি সংবাদ ছাপা হয়। ওই সংবাদের কমেন্টস অপশনে তার আপত্তিকর ছবি পোস্ট করে বাদীর সহপাঠী লেখে, ‘যাকে নিয়ে কমেন্টস করেছেন আগে তদন্ত করুন ভালোভাবে।’ এছাড়া আসামির ফেসবুক স্টোরিতেও বাদীর আপত্তিকর ছবি আপলোড করা হয়। তিনি জানতে পেরে ৩ মে আসামির বাড়িতে যান এবং আসামি প্রথমে অস্বীকার করেন। পরে ওই ছবি ডিলিট করে দিতে বললে আসামি তিন লাখ টাকা চাঁদা চান। বলেন, তিন লাখ টাকা দিলে ছবি ডিলিট আর না দিলে ওই ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হবে। তিনি মানসম্মান বিবেচনা করে আদালতে এই বিষয়ে একটি অভিযোগ দেন। পরে আদালতের নির্দেশে অভিযোগটি পর্নোগ্রাফি আইনে থানায় নিয়মিত মামলা হিসাবে রেকর্ড হয়।