মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের দুটি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় আট লাখ ৮৬ হাজার ১৯০ টাকা মূল্যের ভারতীয় মদ, বিভিন্ন ধরনের ট্যাবলেট, কীটনাশক ও পাতার বিড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৭ মে) বিকেলে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ জানায়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে চলমান কঠোর অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (১৬ মে) দিবাগত রাত পৌনে তিনটার দিকে মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর বিওপির একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকার শুভরাজপুর মাঠপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়।
এ সময় মালিকবিহীন অবস্থায় পাঁচ বোতল ভারতীয় মদ ও এক হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার মালামালের সিজার মূল্য ধরা হয়েছে তিন লাখ সাত হাজার ৫০০ টাকা।
অপরদিকে, শনিবার রাত ৮টা ৪৫ মিনিটে গাংনী উপজেলার রামকৃষ্ণপুর বিওপির একটি টহল দল মোহাম্মদপুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, এক হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ১১ প্যাকেট কীটনাশক এবং ১১৬ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।
এসব মালামালের সিজার মূল্য পাঁচ লাখ ৭৮ হাজার ৬৯০ টাকা বলে জানিয়েছে বিজিবি। উদ্ধার মালামাল থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।