লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৩২ হাজার টাকা মূল্যের বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের হলেও তাকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৩ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশের একটি দল উপজেলার কাউড়ীখোলা এলাকার মাদক কারবারি আজিজুর রহমানের (২৬) বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়।
পরে পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালিয়ে এক বোতল VAT 69, এক বোতল RARE J&B এবং দুই বোতল ABSOLUT VODKA উদ্ধার করে। উদ্ধারকৃত চার বোতল বিদেশি মদের বাজারমূল্য ৩২ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় বৃহস্পতিবার এসআই এফএম হাসিবুর রহমান বাদী হয়ে পলাতক আজিজুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত মাদক ব্যবসায়ীকে আটকের চেষ্টা চলছে।