স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের মণিরামপুরে গরুহাটে প্রবীণ বিক্রেতা এজাহার আলীকে (৬৫) অজ্ঞান করে টাকা ও মোবাইল ফোন লুটে নিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা।
শনিবার (১৩ জুন) দুপুর ১টার দিকে উপজেলার স্থানীয় গরুহাটে এই ঘটনা ঘটে। অসুস্থ এজাহার আলী (৬৫) উপজেলার কাশিমনগর গ্রামের মৃত আবু বকর বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে এজাহার আলী নিজের গরু বিক্রি করার উদ্দেশ্যে বাড়ি থেকে মণিরামপুর গরুহাটে যান। গরু বিক্রি করে ফেরার পথে অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তাকে চেতনানাশক শুকিয়ে অজ্ঞান করে ফেলে।
এরপর তার সাথে থাকা গরু বিক্রির নগদ সত্তর হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন (একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন ফোন) লুটে নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে হাটে আসা স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন এবং বাড়িতে খবর দিয়ে পৌঁছে দেন।
বাড়িতে নেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ বিচিত্র মল্লিক জানিয়েছেন, অজ্ঞান অবস্থায় এজাহার আলীকে হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। ধারণা করা হচ্ছে চেতনানাশক শুকিয়ে অজ্ঞান করা হয়েছে তাকে।