স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর শহরের নীলগঞ্জ তাঁতিপাড়ার এক নারীকে (৩৯) শ্লীলতাহানির অভিযোগে জামাল হোসেন (৪৬) নামে এক ব্যক্তিকে ধরে পিটুনির পর পুলিশে দিয়েছেন এলাকাবাসী।
আটক জামাল হোসেন লক্ষ্মীপুর জেলা শহরের চন্দ্রগঞ্জ হাজীপাড়ার হাসান আলীর ছেলে। বর্তমানে তিনি যশোর শহরের নীলগঞ্জ তাঁতিপাড়ার জামেলা খাতুনের বাড়িতে ভাড়া থাকেন। শ্লীলতাহানির ঘটনায় গত শুক্রবার রাতে ওই নারী নিজেই মামলা করেছেন।
ওই নারীর অভিযোগ, আইটি পার্কসংলগ্ন বকচরে রাস্তার পাশে কাঁচামালের ব্যবসা করেন অভিযুক্ত জামাল হোসেন। গত ২ জুন রাত আড়াইটার দিকে ভুক্তভোগী নারীর স্বামী দরজা খুলে বাথরুমে যান। এই সুযোগে ঘরের ভেতর ঢুকে তার শ্লীলতাহানি করেন জামাল হোসেন। তখন তিনি চিৎকার শুরু করলে তার স্বামী ছুটে আসেন। এ সময় জামাল হোসেন ঘর থেকে বেরিয়ে পালিয়ে যান। সেই থেকে পলাতক ছিলেন জামাল হোসেন।
গত শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে জামাল হোসেন বকচরে রাস্তার পাশে তার কাঁচামালের দোকান খুললে তাকে দেখতে পান স্থানীয় লোকজন। এ সময় লোকজন তাকে আটক এবং পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।