স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের বাঘারপাড়ায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় ১১ মাস বয়সী এক শিশুকে ধারালো কাঁচি দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশী ‘মাদক ব্যবসায়ীদের’ বিরুদ্ধে।
রবিবার (২১ জুন) সকাল সাড়ে আটটার দিকে বাঘারপাড়া উপজেলার বড় কুল্লা গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। আহত শিশুর নাম সাহাবীর হোসেন। সে ওই গ্রামের আসাদুল ইসলামের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও আহত শিশুর বাবা আসাদুল জানান, তার বাড়ির পাশে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন প্রতিবেশী কুবাদ আলির ছেলে ইসমাইল (৪০) ও তার স্ত্রী রেক্সোনা (৩৫)। এলাকায় মাদকের অবাধ বিস্তারের কারণে গ্রামের সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছিল এবং যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছিল। এই ঘটনার জেরে রবিবার সকালে আসাদুল ইসলাম প্রতিবেশী ইসমাইলকে মাদক ব্যবসা বন্ধের জন্য জোর দাবি জানান। এতে চরম ক্ষিপ্ত হয়ে ইসমাইল ঘর থেকে ধারালো কাঁচি এনে আসাদুলকে হত্যার উদ্দেশ্যে কোপ মারেন। এ সময় আসাদুল নিজেকে বাঁচাতে দ্রুত সরে গেলে কোপটি তার কোলে থাকা ১১ মাসের শিশু সাহাবীরের ডান পায়ে লাগে। এতে শিশুটির পা কেটে মারাত্মক জখম হয়।
ঘটনার পরপরই পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনার পর থেকে অভিযুক্ত মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেছে।
এদিকে এক বছরের অবুজ শিশুকে কুপিয়ে জখম করার ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র উত্তেজনা ও চরম ক্ষোভ বিরাজ করছে।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত জানান, ১১ মাসের একটি শিশু পায়ে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে তার ডান পায়ের হাঁটুর নিচের অংশ গভীরভাবে কেটে গেছে। আঘাতটি সরাসরি হাড়ে লেগেছে। শিশুটির পা রক্ষার্থে চিকিৎসকদের টিম সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে অভিযুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।