স্টাফ রিপোার্টার
, যশোর
স্ত্রী, শ্যালক, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে ভ্রুণ হত্যা, হত্যার চেষ্টা ও চুরির অভিযোগে যশোর আদালতে মামলা হয়েছে।
মঙ্গলবার যশোর সদরের নলডাঙ্গা গ্রামের নাজমুল হাসান বাদী হয়ে এ মামলা করেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল কোতোয়ালি থানার ওসিকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন ।
আসামিরা হলেন নলডাঙ্গা গ্রামের বাবু (৩০), তার পিতা মুনতাজ (৫৩), মা রেহেনা বেগম (৪৮) এবং তার বোন ও বাদীর স্ত্রী রিজিয়া বেগম (২০)।
মামলার বিবরণে জানা গেছে, ২০২৫ সালের ২৫ আগস্ট পারিবারিকভাবে রিজিয়া বেগমের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর পারিবারিক কলহের জেরে শ্বশুরবাড়ির লোকজন তার ক্ষতি করার ষড়যন্ত্র শুরু করে। গত ১৫ মে আসামিরা তার বাড়িতে এসে তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা চেষ্টা চালায়। এ সময় তাকে রক্ষা করতে গেলে তার বাবা-মাকেও মারপিট করে আসামিরা। পরে আহত অবস্থায় নাজমুল হাসানকে হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে বিরোধ মিমাংসার কথা বলে ২৯ মে আসামিরা আবার তার বাড়িতে এসে নগদ ৫০ হাজার টাকা, এক জোড়া সোনার বালা ও একটি সোনার আংটি নিয়ে যায়।
এছাড়া, ১৭ জুন তার স্ত্রী ফোন করে জানায়, টাকা ও সোনার গহনা নিয়ে যাওয়ার পাশাপাশি সে আর সংসার করবে না বলে তার গর্ভের সন্তান নষ্ট করে ফেলেছে। পরে খোঁজখবর নিয়ে নাজমুল হাসান জানতে পারেন, তার স্ত্রীর ১৪ সপ্তাহের গর্ভের সন্তান নষ্ট করে ফেলেছে আসামিরা।
এ ঘটনায় থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।