স্টাফ রিপোর্টার
, যশোর
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা প্রায় এক কোটি ২০ লাখ টাকা মূল্যের চারটি সোনার বারসহ রিপন মৃধা নামে এক পাচারকারীকে আটক করেছেন। এগুলোর ওজন ৫৮৩ দশমিক ১৯ গ্রাম।
মঙ্গলবার (৭ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে বিজিবি ৪৯ ব্যাটালিয়নের একটি দল যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে রিপন মৃধাকে আটক করে। তিনি নড়াইলের কালিয়া উপজেলার টোনা গ্রামের রজব আলী মৃধার ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, তাদের কাছে খবর আসে ঢাকা থেকে সোনার একটি বড় চালান যশোর অভিমুখে আসছে।
এর ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় রিপন মৃধাকে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়। পরে তাকে তল্লাশি করলে প্যান্টের পকেটে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় সোনার বারগুলো পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন জানান, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশে সোনার বারগুলো নিয়ে যাওয়া হচ্ছিল।