ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলায় একটি বেগুন খেত থেকে সাতটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ| এসময় ফারুক মন্ডল নামে এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরের দিকে সদর উপজেলার চণ্ডীপুর দাখিল মাদ্রাসার পাশে একটি জমি থেকে এসব গাঁজার গাছ উদ্ধার করা হয়।
আটক ফারুক মন্ডল চণ্ডীপুর গ্রামের ওফাজ্জেল মন্ডলের ছেলে|
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বেতাই-চণ্ডীপুর পুলিশ ক্যাম্প এই অভিযান পরিচালনা করে। অভিযানে চণ্ডীপুর গ্রামের ওফাজ্জেল মন্ডলের বেগুনখেত থেকে প্রায় ৭ ফুট উচ্চতার সাতটি গাঁজাগাছ উদ্ধার করা হয়। উদ্ধার করা গাছগুলোর ওজন প্রায় ৫ কেজি ৩০০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানিয়েছেন।