স্টাফ রিপোার্টার
, যশোর
বাঘারপাড়ার রায়পুর গ্রামের যুবক সাহাবীর হত্যা মামলায় আত্মসমর্পণকারী পিতা-পুত্রকে দুইদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৭ জুলাই) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
আসামিরা হলেন বাঘারপাড়া উপজেলার কৃষ্ণনগর গ্রামের আবু হাসান মণ্ডল ও তার ছেলে নাজমুস সাকিব।
মামলার বিবরণে জানা গেছে, গত ২৫ মে সকালে রায়পুর গ্রামের আবু হানিফ ও তার ছেলে সাহাবীর রায়পুর বাজারে ৫০ মণ ধান বিক্রির জন্য নিয়ে যান। প্রতি মণ এক হাজার ১৭০ টাকা দরে আসামি হাসান মণ্ডলের কাছে ধান বিক্রির চুক্তি হয়। তবে, ওজন কম দেওয়া নিয়ে প্রতিবাদ করলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আসামি হাসান মণ্ডলের নির্দেশে তার ছেলে সাকিব আড়তে থাকা একটি ধারালো বার্মিজ চাকু দিয়ে হানিফকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পিতাকে রক্ষা করতে এগিয়ে গলে সাহাবীরকেও সাকিব ছুরিকাঘাতে গুরুতর জখম করে। তাদের চিৎকারে বাজারের লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়।
গুরুতর আহত দুজনকে উদ্ধার করে প্রথমে বাঘারপাড়া, পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত সাহাবীরের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২২ জুন ঢাকায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের পিতা আবু হানিফের করা মামলায় ২ জুলাই আসামি আবু হাসান ও তার ছেলে সাকিব আদালতে আত্মসমর্পণ করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা আটক দুজনের সাতদিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। মঙ্গলবার রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক তাদের দুইদিন করে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।