স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের চৌগাছা উপজেলার বেড়গোবিন্দপুর বাঁওড়ের নৈশপ্রহরী আতিয়ার রহমান হত্যা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল আলিম (৪৭) নামে আরেক নৈশপ্রহরীকে আটক করেছে ডিবি পুলিশ।
গত সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার ফতেপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আব্দুল আলিম ফতেপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই শেখ হাদীউজ্জামান জানান, নৈশপ্রহরী আতিয়ার রহমান হত্যাকাণ্ডে জড়িত কবির হোসেনকে ইতিপূর্বে আইন-শৃঙ্খলা বাহিনী আটক করে। আটকের পর আদালতে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তাদের জবানবন্দিতে প্রকাশ পায়, আতিয়ার রহমান হত্যার পরিকল্পনাকারী ও সহযোগিতা করেন আরেক নৈশপ্রহরী আব্দুল আলিম। এরই প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, আটক আব্দুল আলিমকে মঙ্গলবার (৭ জুলাই) আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
প্রসঙ্গত, নিহত নৈশপ্রহরী আতিয়ার রহমান উপজেলার লস্কারপুর গ্রামের বাসিন্দা।
গত ২১ জুন দুপুরে বেড়গোবিন্দপুর বাওড়ের ডাইনের বিল ক্যানেল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই রাশেদ আলী নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৮/১০ জনকে আসামি করে চৌগাছা থানায় মামলা করেন।
মামলাটি প্রথমে চৌগাছা থানার পুলিশ এবং পরে ডিবি পুলিশ তদন্তের দায়িত্ব পায়।