লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় নড়াইলের লোহাগড়ায় মো. বাচ্চু খান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। পুলিশ বাসচালককে আটক করেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার নড়াইল-যশোর মহাসড়কের লক্ষ্মীপাশা বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বাচ্চু খান লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের রায়পাশা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১২টার দিকে তিনি রাস্তা পার হচ্ছিলেন। এসময় নড়াইল থেকে কালনাগামী একটি বাস ধাক্কা দিলে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
জরুরি বিভাগের চিকিৎসক আশিকুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ইন্সপেক্টর অজিত কুমার রায় বলেন, দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক বাস এবং বাসের চালককে আটক করা হয়েছে।