কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রতিপক্ষের হামলায় ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মোলায়েম হোসেন (৪৮) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজলোর ভায়না বাজার-সংলগ্ন কালিশংকরপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মোলায়েম হোসেন কালিশংকরপুর গ্রামের আবুল মন্ডলের ছেলে এবং ভায়না ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের সদস্য।
তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি এবং চরমপন্থি দলের সদস্য ছিলেন বলে স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে।
স্থানীয়রা বলছেন, ঘটনার সময় তিনি গ্রামের ভায়না বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। পথে কালীশংকরপুর এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা প্রতিপক্ষের সদস্যরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, 'নিহত ব্যক্তি চরমপন্থি দলের সদস্য ছিল বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। তবে কোন সংগঠনের সাথে জড়িত তা এখনো জানা যায়নি। হয়তো আগের কোনো বিরোধের জেরে প্রতিপক্ষের সদস্যরা তাকে হত্যা করতে পারে। তদন্ত চলছে, পরে ঘটনার বিস্তারিত বলা যাবে।'