মাগুরা প্রতিনিধি
ব্র্যাকের উদ্যোগে মাগুরায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে প্রায় ৫০০ জন অসহায় ও দুস্থ মানুষকে চক্ষুরোগের প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় পরামর্শ ও বিনামূল্যে চশমা দেওয়া হয়।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাগুরা সদর উপজেলার বারাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্পের আয়োজন করা হয়। 'দৃষ্টি ফিরে পাওয়ার পথ—গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগ' প্রতিপাদ্যকে সামনে রেখে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচি এই উদ্যোগ গ্রহণ করে। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করে ফরিদপুর ইসলামী চক্ষু হাসপাতালের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল।
ক্যাম্পে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে রোগীদের চোখ পরীক্ষা করে ছানি ও দৃষ্টিশক্তি কমে যাওয়া রোগীদের চিহ্নিত করা হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিকটদৃষ্টির সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের মাঝে স্পটেই বিনামূল্যে চশমা দেওয়া হয়।
আয়োজকরা জানান, আর্থিক অসচ্ছলতা ও সচেতনতার অভাবে গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর অনেকেই সময়মতো চোখের চিকিৎসা নিতে পারেন না। সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতেই এই বিশেষ ক্যাম্পের আয়োজন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার ফারহানা বিনতে সেলিম, আবু মুছা আশয়ারী, ডিভিশনাল কো-অর্ডিনেটর মো. জামির আলী, পারনান্দুয়ালী শাখার কর্মকর্তা মো. তানভীর হোসেন, ভারপ্রাপ্ত ব্যবস্থাপক অভিষেক রায় ও রিজিওনাল কো-অর্ডিনেটর নজরুল ইসলাম। চিকিৎসাসেবায় নেতৃত্ব দেন চক্ষু বিশেষজ্ঞ ও সহকারী সার্জন ডা. আরাফাত হোসেন এবং আশীষ কুমার সাহা।