মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবৈধ ‘পুশইন’ (অনুপ্রবেশ) করানোর চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৪ জুন) দিবাগত ভোররাত ৩টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪২ এর ৫-এস পিলারের নিকটবর্তী এলাকা দিয়ে বিএসএফ সাতজন নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে।
বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে এই অপচেষ্টা রুখে দেন। পরবর্তীতে আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বিএসএফ বাধ্য হয়ে তাদের ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ফেরত নিয়ে যায়।
বিজিবির ৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুশইন করার চেষ্টা করা ওই সাতজনের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী ছিলেন। সীমান্ত এলাকায় বিজিবির কড়া নজরদারি অব্যাহত রয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।