লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সারের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নড়াইল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হেমায়েত হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্যা নজরুল ইসলাম এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সামসুল হক আজাদ প্রমুখ।
আলোচনা সভা শেষে উপস্থিত কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার আমির মাওলানা হাদিউজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসাইন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, প্রবীর কুমার দাস, মো. নাজমুল হক, মানসুরুল হক সুমন, মোছা. সাবিহা নাসরিন ও মোছা. শিরিনা আক্তার এবং লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মো. সেলিম জাহাঙ্গীর ও উপকারভোগী কৃষকেরা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা জানান, খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী রোপা আমন ধানের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট এক হাজার ৫৬০ জন কৃষককে এই সহায়তা দেওয়া হচ্ছে। এর আওতায় বিনামূল্যে এক বিঘা জমির জন্য জনপ্রতি পাঁচ কেজি ধানের বীজ, দশ কেজি ডিএপি এবং দশ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে।