নড়াইল প্রতিনিধি
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় আগামী ২৮ জুন নড়াইল জেলায় প্রায় এক লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টার দিকে নড়াইল সিভিল সার্জন অফিসের মিলনায়তনে আয়োজিত এক ওরিয়েন্টেশন কর্মশালা ও সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলায় এবার মোট ৯৯,৭২৬ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ৮৪৪ জন শিশুকে একটি করে ‘নীল রঙের’ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৮৭ হাজার ৮৮২ জন শিশুকে একটি করে ‘লাল রঙের’ উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ড. ইসমাইল হোসেন বাপ্পী, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, সহসভাপতি এম মুনীর চৌধুরী ও সুলতান মাহমুদসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ জানান, শিশুর সুস্থভাবে বেড়ে ওঠা এবং অন্ধত্ব প্রতিরোধে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলার কোনো শিশু যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি নির্দিষ্ট দিনে পাঁচ বছরের কম বয়সী সকল শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।