মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাত হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মো. মতিয়ার রহমান। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা, বিআরডিবি কর্মকর্তা বাহারুল ইসলাম এবং মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান।
রাজনৈতিক ও সামাজিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি জেলা কমিটির সহ-সেক্রেটারি আব্দুল হাই, উপজেলা জামায়াতের আমির ফারুক হোসেন, মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবর আলী বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নার্গিস সুলতানা দীপা ও উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
সভায় বক্তারা উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বাল্যবিয়ে প্রতিরোধ এবং মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন। একই সঙ্গে এসব অপরাধ দমনে প্রশাসনের নজরদারি আরও জোরদার করার তাগিদ দেওয়া হয়।
সীমান্তবর্তী এলাকা হওয়ায় মহেশপুরে চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম অব্যাহত রাখার ওপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। এছাড়া সভায় বাল্যবিয়ে, আত্মহত্যা, মাদক ও সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট সব পক্ষকে আরও সক্রিয় হওয়ার এবং পরিবার ও সমাজকে সচেতন করার আহ্বান জানানো হয়।