দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ওঠা বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ঘুস বাণিজ্যের অভিযোগের মুখে অবশেষে তাকে বদলি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিভিন্ন ইউনিট বর্তমানে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।
স্থানীয় ভুক্তভোগী ও বিভিন্ন সূত্রে জানা যায়, ওসি আরিফুর রহমান দৌলতপুর থানায় যোগদানের পর থেকেই মাদক ও অস্ত্র মামলার আসামি, সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করার পর অনৈতিক সুবিধা তথা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। এছাড়া সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি ও থানায় প্রকাশ্যে ঘুস বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হচ্ছিল।
অভিযোগকারীরা জানান, ওসির বিতর্কিত কর্মকাণ্ডের বিষয়ে প্রতিকার চেয়ে একাধিকবার পুলিশ হেডকোয়ার্টার্সসহ প্রশাসনের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করা হয়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই জেলা পুলিশের পক্ষ থেকে গভীর তদন্ত শুরু হয়, যা এখনো চলমান রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনার আলোকে গত ২৩ মার্চ (২০২৬) কুষ্টিয়া জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত এক প্রশাসনিক আদেশে ওসি আরিফুর রহমানকে দৌলতপুর থানা থেকে ট্যুরিস্ট পুলিশে বদলির নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয়রা বলছেন, সাম্প্রতিক সময়ে দৌলতপুর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছিল। ওসির বিভিন্ন অনিয়ম ও ঘুস বাণিজ্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমেও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে ইতিপূর্বে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।
তবে তার বিরুদ্ধে উত্থাপিত এসব গুরুতর অভিযোগের বিষয়ে জানতে ওসি আরিফুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।