মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ঝিনাইদহের মহেশপুরে অসহায়, দুস্থ ও অসুস্থ মানুষকে সেলাই মেশিন ও হুইলচেয়ারসহ বিভিন্ন আত্মকর্মসংস্থান ও চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে উপজেলার ১২টি ইউনিয়নের ৮০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
উপকরণের মধ্যে ছিল, সেলাই মেশিন, হুইলচেয়ার, ফসলে কীটনাশক ছিটানোর স্প্রে মেশিন, আলমারি ও বাইসাইকেল।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকেীশলী আবুল ফজেল। উপজেলা জামায়াতের আমির ফারুক হোসেন, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক বাবর আলীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ জনপদের প্রান্তিক ও অসহায় মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং শারীরিক প্রতিবন্ধীদের চলাচলের সুবিধার্থেই সরকারের এই বিশেষ উদ্যোগ। এই সহায়তার সঠিক ব্যবহারের মাধ্যমে পরিবারগুলো স্বাবলম্বী হতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।