খুলনা অফিস
‘আগামীর খুলনা বিনির্মাণে কেডিএ ও জনগণের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় আলোচকরা বলেছেন, খুলনা শুধু একটি অঞ্চল নয়, এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রাণকেন্দ্র।
শিল্পনগরী থেকে শুরু করে আজকের আধুনিক ও বর্ধিষ্ণু খুলনা গড়ে তোলার পেছনে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ সুদীর্ঘকাল ধরে কাজ করে যাচ্ছে। তবে, একটি পরিকল্পিত, আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই নগরী বিনির্মাণের মূল চাবিকাঠি হলো জনগণের অংশীদারিত্ব।
প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনি প্রতিশ্রুতিতেই বলেছিলেন রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের মালিকানা জনগণকে বুঝিয়ে দেবেন। এখানে সমবেত হওয়া কেবল কেডিএ'র ভবিষ্যৎ পরিকল্পনা শুনতে নয়, বরং এই খুলনাকে নিয়ে সাধারণ মানুষের স্বপ্ন, প্রত্যাশা এবং ভাবনাগুলোকে উন্নয়ন পরিকল্পনায় যুক্ত করতে।
শনিবার খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় আলোচকরা এসব কথা বলেন।
কেডিএ চেয়ারম্যান এসএম শফিকুল আলম মনার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য আমীর এজাজ খান।
তিনি বলেন, ‘সরকারি বা প্রাতিষ্ঠানিক যেকোনো পরিকল্পনাই পূর্ণতা পায় যখন সেখানে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও মতামত প্রতিফলিত হয়। আজ উপস্থিত সুধীজন ও সম্মানিত নাগরিকদের সাথে যে উন্মুক্ত মতবিনিময়ের সুযোগ তৈরি হয়েছে, তা থেকে প্রাপ্ত প্রতিটি মূল্যবান পরামর্শ ও মতামত আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ্ হারুন, খুলনা রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদ হাসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, খুলনা জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী, বিসিবির পরিচালক মো. শফিকুল আলম তুহিন, খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ও কেসিসির সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি, খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার।
কেডিএ কর্তৃক উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেন কেডিএর প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলম।