ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নয়টি অ্যাকাডেমিক ভবনে এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষা চলে। বিজ্ঞান অনুষদভুক্ত এই ইউনিটের পরীক্ষার মধ্য দিয়েই শেষ হলো এ বছরের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ‘ভর্তিযুদ্ধ’।
এবারের ‘এ’ ইউনিটের পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ১১ হাজার ১৮৬ জন শিক্ষার্থীর আসন নির্ধারণ করা হয়েছিল। ভর্তি পরীক্ষা উপলক্ষে সকাল থেকেই পরীক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে ক্যাম্পাস প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। পরীক্ষার্থীদের সহায়তা করতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ বিভিন্ন পয়েন্টে 'হেল্প ডেস্ক' বসিয়ে সেবা প্রদান করে বিভিন্ন ছাত্র সংগঠন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। ক্যাম্পাসের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব ও আনসারের পাশাপাশি বিএনসিসি এবং রোভার স্কাউটের সদস্যরা দায়িত্ব পালন করেন।
নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ‘ভর্তি পরীক্ষা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করার ফলে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।’
উল্লেখ্য, এ বছর গুচ্ছ ভর্তি পরীক্ষায় মোট দুই লাখ ৮৪ হাজার ৪৮০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে 'এ' ইউনিটে এক লাখ ৬৬ হাজার ২৪০ জন, 'বি' ইউনিটে ৯৩ হাজার ১৫৮ এবং 'সি' ইউনিটে ২৫ হাজার ২৮২ জন পরীক্ষার্থী ছিলেন। এর আগে গত ২৭ মার্চ 'সি' ইউনিট এবং ৩ এপ্রিল 'বি' ইউনিটের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়।