ইবি প্রতিনিধি
গুচ্ছভুক্ত সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমূহের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে।
এর মধ্যে দিয়ে শেষ হয়েছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তিযুদ্ধ। এতে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে (ইবি) ১১ হাজার ১৮৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর মধ্যে ৮ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উপস্থিতির হার ছিল ৭৮ দশমিক ৪৯ শতাংশ।
শুক্রবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নয়টি ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল নয়টার আগ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ছিল উপচেপড়া ভিড়। গত দুই ইউনিটের পরীক্ষার তুলনায় এদিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে শিক্ষার্থীসহ অভিভাবকদের উপস্থিতি ছিলো বেশি।
বরাবরের মতোই পরীক্ষার্থী ও অভিভাবকদের সার্বিক সহযোগিতায় ক্যাম্পাসজুড়ে তথ্যসহায়ক কেন্দ্র ও প্রধান ফটকে ‘হেল্প ডেস্ক’ পরিচালনা করে বিভিন্ন ক্রীয়াশীল ছাত্রসংগঠন। সেখানে কলম, ঠাণ্ডা পানি, চকলেট, স্যালাইন, ওষুধসহ বিভিন্ন প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়।
এছাড়া, বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করে পুলিশ, র্যাব, আনসার, এবং ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি, প্রক্টরিয়াল বডি, বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরাও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন।
সরেজমিনে দেখা যায়, সন্তানদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আশায় দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে পরীক্ষা দিতে নিয়ে এসেছেন অভিভাবকেরা। অপেক্ষারত অভিভাবকেরা কেউ গাছের ছায়ায় বিশ্রাম করছেন, কেউ প্রার্থনা করছেন, কেউ ক্যাম্পাস ঘুরে দেখছেন কিংবা কেউ ছবি তুলছেন ক্যাম্পাসের।
পরীক্ষার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা পরিদর্শনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মনজুরুল হকসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনশেষে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা সামগ্রিকভাবে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উপস্থিতি বেশ ভালো। এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত খবর পাওয়া যায়নি। ইসলামী বিশ্ববিদ্যালয় গুচ্ছে নেতৃত্ব দিয়েছে এ ব্যাপারে সামগ্রিকভাবে সংবাদ সম্মেলনে জানাবো।