লোহাগড়া (নড়াইল) প্রতিনি
নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২৪ বছর পূর্তি উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন, বৃত্তি প্রদান ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের মুক্তমঞ্চে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। অনুষ্ঠানের শুরুতে প্রধান শিক্ষক স্বাগত বক্তব্য প্রদানের পর প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।
সিনিয়র শিক্ষক মহসীন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুস্মিতা সাহা এবং লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে শতবর্ষ শিক্ষা ট্রাস্ট, অরবিন্দ আচার্য শিক্ষা ট্রাস্ট এবং মাজেদা মোয়াজ্জম হোসেন শিক্ষা ট্রাস্টের পক্ষ থেকে মোট ১০০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও বৃত্তি প্রদান শেষে বিদ্যালয়ের মুক্তমঞ্চে বিভিন্ন শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।